জন্মদিনে বন্ধুদের সঙ্গে পার্টি করে করোনা আক্রান্ত বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। এই পার্টিতে উপস্থিত থাকলেও অতি ছোঁয়াচে ভাইরাসটিতে আক্রান্ত হননি ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।
দিন তিনেক আগে ৩৪ বছরে পা দিয়েছেন বোল্ট। জন্মদিন উপলক্ষে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করেন অলিম্পিকে আটটি স্বর্ণপদকের মালিক। এরপর শনিবার কভিড-১৯ পরীক্ষা করান বোল্ট। সোমবার রিপোর্ট আসে পজিটিভ। টুইটারে নিজেই এ খবর জানান এই গতি দানব।
বোল্টের অনুষ্ঠানে ছিলেন গেইল। তবে তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিজেই জানিয়েছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। পর পর দুটি টেস্টের ফল নেগেটিভ আসায় আইপিএলে যেতে এখন আর বাধা নেই তার।
ইনস্টাগ্রামে গেইল লিখেছেন- “দিন দু-এক আগে আমার প্রথম কভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল৷ কারণ আমি আইপিএল খেলতে যাব৷ যাওয়ার আগে আমার দু’বার করোনা পরীক্ষা দরকার ছিল।”
এরপর আরেকটি পোস্টে লিখেছেন- “শেষেরটা আমার নাকের খুব ভিতরে চলে গিয়েছিল, যাক রেজাল্ট নেগেটিভ।”
পর পর দুটি টেস্ট নেগেটিভ আসায় আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে যেতে কোনো বাধা নেই গেইলের। এরই মধ্যে আমিরাতের পথে বিমান ধরেছেন তিনি।
আমিরাতে নামার পরেও করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে গেইলকে। বিমানবন্দরে কভিড-১৯ পরীক্ষার পর তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে ছয় দিন। এই সময়ে প্রথম, তৃতীয় ও পঞ্চম দিন আরও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সেসব উতরে যেতে পারলেই খেলোয়াড়রা জীবাণু সুরক্ষিত পরিবেশে অনুশীলন শুরু করতে পারবেন।
