হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ইয়াবাসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলা সদরের বড় বাজার এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন উপজেলার পুরান তোপখানা মহল্লার নানু মিয়ার ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জানান, মঙ্গলবার ভোররাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে উপজেলা সদরের বড় বাজার এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে মামুনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩০০ ইয়াবা ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। ডিবির ওসি মানিকুজ্জামান দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার ভোরের দিকে বড় বাজারের আনহার মিয়ার ফার্নিচারের দোকানে অভিযান চালায় ডিবি। এ সময় দোকানের ভেতর বসে মামুন ইয়াবা বিক্রি করছিলেন। পরে তাকে আটক করা হয়। ওসি আরও জানান, মামুনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
