রান্নার কথা বলে ডেকে নিয়ে দুই বোনকে দলবদ্ধ ধর্ষণ

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১০:৪৬ এএম

চুয়াডাঙ্গায় পাঁচজন মিলে দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এক অনুষ্ঠানে রান্নার কথা বলে তাদেরকে একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।

সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।  মঙ্গলবার দর্শনা থানা পুলিশ নির্যাতিত ওই দুই নারীকে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ আনোয়ার হোসেন সুমন নামে একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, নির্যাতিত ওই দুই নারী আপন বোন। তারা একটি ডেকোরেটরে বাবুর্চির কাজ করেন।

সোমবার বিকেলে এক বাড়িতে অনুষ্ঠানের রান্নার জন্য তাদেরকে ডেকে নেওয়া হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান জানান, সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের রইচ উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন সুমন (২৬) ওই দুই বোনকে নিজ এলাকাতে নিয়ে আসেন। এরপর তার বন্ধু মিলনের বাড়িতে রেখে ৫ জন মিলে রাতভর তাদেরকে ধর্ষণ করা হয়।  মঙ্গলবার দুপুরে পুলিশ খবর পেয়ে নির্যাতিত দুই বোনকে উদ্ধার করে।

এ ঘটনায় নির্যাতিত দুই নারী মঙ্গলবার রাতে ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নির্যাতিত দুই নারীকে আজ বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত