করোনা মহামারির কারণে পদ্মা সেতু প্রকল্পের কাজ এক এক বছর পিছিয়ে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হতে ২০২২ সাল পর্যন্ত লাগবে।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভার পর এক জুম ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, মহামারি করোনাভাইরাসের কারণে কাজের অগ্রগতিতে বাঁধা পড়ায়, সেতুর নির্মাণ কাজ শেষ হতে ২০২২ সাল পর্যন্ত সময় লাগবে।
ক্রয় কমিটির সভায় আজ পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে থাকা কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন অ্যান্ড অ্যাসোসিয়েটসের মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে, প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে আগস্ট ২০২০ পর্যন্ত চুক্তি ছিল।
