বাংলাদেশে পাচারের আগে ৩৫ কোটি টাকার প্রত্ন সামগ্রী উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০১:৩৮ এএম

বাংলাদেশে পাচারের আগে নবম থেকে ষোড়শ শতকের ৩৫ কোটি টাকার প্রত্ন সামগ্রী উদ্ধার করেছে ভারতের কেন্দ্রীয় শুল্ক কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া প্রত্ন সামগ্রীর মধ্যে অধিকাংশই বিভিন্ন দেব-দেবীর মূর্তি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেশটির কেন্দ্রীয় শুল্ক দপ্তরের কাস্টমস প্রিভেনটিভ শাখার কমিশনার রাজেশ জিন্দাল জানান, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দপ্তরের একটি দল পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানা এলাকায় একটি মিনি ট্রাক থেকে প্রত্ন সামগ্রী গুলো উদ্ধার করে। ওই মিনি ট্রাকে ধানের আড়ালে পাচার হচ্ছে ওই মূর্তিগুলি।

শুল্ক কর্মকর্তার দাবি, কালিয়াগঞ্জ সীমান্ত দিয়ে মূর্তি গুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।

তিনি জানান, মিনি ট্রাকটি আটকানোর পর এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে শুল্ক কর্তাদের কাজে বাধা দেন। সেই সময়ে এলাকার কিছু বাসিন্দা এসে শুল্ক কর্তাদের ঘিরে ফেলে। এর মধ্যে পালিয়ে যায় মিনি ট্রাকের চালক এবং খালাসি।

তিনি অভিযোগ করেন, পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি শুল্ক কর্মীদের জোর করে কুশমন্ডি থানায় নিয়ে যান। পরিচয়পত্র দেখানোর পরেও ছাড়তে চায়নি পুলিশ। এর পরে আটক শুল্ক দপ্তরের কর্মীরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাদের হস্তক্ষেপে ছাড়া পান তারা।

শুল্ক দপ্তরের কর্মীরা এর পর ওই আটক মিনি ট্রাক থেকে ২৫টি মূর্তি উদ্ধার করেন। তার মধ্যে রয়েছে পাথরের পার্বতী থেকে সূর্য, মনসা মূর্তি। রয়েছে ব্রোঞ্জ এবং অষ্টধাতুর তৈরি মূর্তি।

 শুল্ক দপ্তরের দাবি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা ওই মূর্তিগুলো নবম শতক থেকে ষোড়শ শতকের বলে জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত