১০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ, আটক ৫

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৩:৫২ পিএম

মেয়াদোত্তীর্ণ তারিখ পাল্টে প্রসাধনী বিক্রির অভিযোগে রাজধানীতে আটক হয়েছে ৫ জন। এ ঘটনায় জব্দ করা হয় ১০ কোটি টাকার মূল্যের প্রসাধনী।

সিআইডি সূত্রে এ খবর জানা যায়।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, বাংলাদেশ পুলিশ সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণের একটি গোয়েন্দা দল সম্প্রতি এই অপরাধী চক্রের সন্ধান পায়।

যার প্রেক্ষিতে ২৫ আগস্ট রাজধানীর সাঈদ নগর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের প্রধান সুধীর মণ্ডলের গুদাম থেকে লোশন, সাবান, পাউডার, বডি স্প্রে সহ প্রায় ১০ কোটি টাকার অধিক মালামাল জব্দ করে।  উদ্ধার করা হয় প্রসাধনীর গায়ে ম্যানুফ্যাকচারিং ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তনে ব্যবহৃত কেমিক্যাল, কালি ও একটি মেশিন।

আটক পাঁচজন হলেন শংকর মণ্ডল (৩৪), মো. হারুন অর রশিদ (৪৫), মো. সবুজ আহমেদ (৩০), মো .মনিরুজ্জামান (২৩) ও বীরেশ্বর মণ্ডল (৩৬)।  আদালতের অনুমতিতে তাদের তিন দিনের পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে। এই সংক্রান্তে ভাটারা থানার মামলাটির তদন্ত অব্যাহত আছে।

জানা যায়, লাইসেন্সের মাধ্যমে দুবাইসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিশ্বের নামীদামি ব্র্যান্ডের প্রসাধনী বাংলাদেশের খোলা বাজারে বিক্রি করে আসছে একাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে সুধীর মণ্ডল ও তার সহযোগীরা এসপিএস করপোরেশন নামে কোম্পানি খুলে উইপ্রো এন্টারপ্রাইজ আই হ্যানকেলের পণ্য বিপণন করে আসছে। যা রাজধানীর অভিজাত এলাকার বিপণিসহ জেলা শহরেও বিক্রি হচ্ছে।

সচেতন ক্রেতারা বেশি দামেই পণ্যগুলো কিনে থাকেন। অধিকাংশ সময়ে পণ্যের মেয়াদের সত্যতা যাচাইয়ের জন্য মোড়কের গায়ে থাকা তারিখ দেখে থাকেন। কিন্তু কিছু পণ্য মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। যা বিএসটিআই-এর বিধিমালা ও বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে বিক্রেতার উদ্যোগে বা সরবরাহকারীর কাছে ফেরত দিয়ে ধ্বংস করে ফেলার কথা। কারণ এ সব পণ্য ব্যবহারে ত্বক ও স্বাস্থ্যের ক্ষতি বা জনস্বাস্থ্যের ঝুঁকির সম্ভাবনা রয়েছে।

কিছু অসাধু ব্যবসায়ী চক্র এ সব পণ্য নামে মাত্র দামে কিনে নতুন মেয়াদ বসিয়ে নামীদামি বিপণি কেন্দ্রে বিক্রি করে যাচ্ছে। তেমন একটি চক্র পরিচালনা করছিলেন সুধীর মণ্ডল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত