মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: সিলেটে ফিজাকে লাখ টাকা জরিমানা

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৯:১১ পিএম

সিলেটে খাদ্যপণ্য বিক্রয়কারী অভিজাত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ফিজা অ্যান্ড কোম্পানিকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফিজার মেজরটিলা শাখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অতিরিক্ত মূল্য রাখা, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, কিছু পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ফিজাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেজরটিলার শাহজালাল ফার্মেসিতে অবৈধ ওষুধ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহায়তায় ছিল র‌্যাব-৯-এর এএসপি মো. কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি টিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত