টাঙ্গাইলের মির্জাপুর বাড়ি থেকে বের হওয়ার ১১ দিন পর আব্দুল কদ্দুছ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের মাটিয়াখোলা বাজারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গ্রামে।
পুলিশ ও মৃতের পারিবারিক সূত্র জানায়, আব্দুল কদ্দুছ পেশায় শ্রমিক। পাশাপাশি তিনি দরিদ্র হওয়াতে লোকজনের দেয়া আর্থিক সহায়তা নিয়ে চলতেন। এজন্য মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। গত ১৭ আগস্ট তিনি আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে বের হন।
শুক্রবার সকালে মাটিয়াখোলা এলাকায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে তার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) সজল হক জানান, মৃতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি অসুস্থ। আগেও একবার স্ট্রোক করেছিলেন। ধারণা করা হচ্ছে স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যু মামলার পর লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
