‘উচ্চশব্দে’ প্রতিবেশীর আপত্তি, বন্ধ হলো মাইকে আজান

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০১:০৭ পিএম

‘উচ্চশব্দে’ আজানে আপত্তি জানিয়ে প্রতিবেশীর করা আবেদনের প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার একটি মসজিদে মাইকে আজান বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

ডারবানের কাজুলু-নাটাল হাইকোর্টের বিচারক সিডবেল এনগাদি এই আদেশ দেন বলে জানায় আলজাজিরা।

আদেশে বলা হয়, মসজিদের সড়কের বিপরীত পাশে থাকা ওই বাসিন্দার বাড়িতে যাতে আজানের শব্দ না যায়।

হিন্দু ধর্মাবলম্বী চন্দ্র ইল্লোরি দক্ষিণ আফ্রিকার ইসিপিঙ্গো সৈকত এলাকায় মাদ্রাসা তালেমুদ্দীন ইসলামিক ইনস্টিটিউটের বিপরীত দিকের বাসিন্দা। তার যুক্তি, আজানের শব্দ ‘তাকে নিজ সম্পত্তির মালিকানা ভোগ থেকে বঞ্চিত করে’।

তবে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন জানায়, আদালতের এ রায়ে সমতা এবং ধর্মপালনের স্বাধীনতাসহ কয়েকটি সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

এছাড়া চন্দ্র ইল্লোরি আরও অভিযোগ করেন, আজানের শব্দে এলাকায় এক ধরনের ‘আলাদা মুসলিম আবহ’ সৃষ্টি হয়।

মসজিদটি বন্ধ করে দেওয়ারও আবেদন জানান চন্দ্র ইল্লোরি। অবশ্য এ ধরনের আদেশ দিতে অস্বীকৃতি জানান বিচারক এনগাদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত