২০০৩ সালে ঢাকার সিনেমায় পা রাখেন চিত্রনায়িকা পলি। এরপর অশ্লীল সিনেমার জোয়ারে নিজেও গা ভাসান। পরে অশ্লীলতা বিরোধী অভিযানের সময় চলচ্চিত্র ছেড়ে দেন পলি।
এদিকে শোনা যাচ্ছে আবারও সিনেমায় কাজ করতে যাচ্ছেন পলি। এটিএন বাংলা প্রযোজিত সিনেমায় দেখা যেতে পারে পলিকে।
এ বিষয়ে পলি বলেন, ‘এটিএন বাংলার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এটিএন বাংলায় গিয়েছিলাম। সেখানে মর্নিং শো ‘চায়ের চুমুকে’-এ অংশ নিই। অনুষ্ঠান শেষে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে গল্প ও আড্ডা হয়। তিনি খুব ভালো মানুষ। কয়েকটি সিনেমা প্রযোজনা করবেন মাহফুজ ভাই। এতে আমাকেও রাখবেন বলে বলেছেন।’
উল্লেখ্য, মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখে ‘জানোয়ার’, ‘কঠিন পুরুষ’সহ একের পর এক সিনেমায় অভিনয় করেন পলি। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
