কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ডুবোচরে আটকে পড়া ফেরি উদ্ধার

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৮:৪২ এএম

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মার ডুবোচরে ৫ ঘণ্টা আটকে থাকার পর শনিবার রাত পৌনে দশটার দিকে ফেরিটিকে উদ্ধার করেছে উদ্ধারকারী আইটি জাহাজ।

এর আগে এদিন বিকেল পৌনে পাঁচটার দিকে কুমিল্লা নামের ফেরিটি ডুবোচরে আটকে যায়। ফেরিটি বিকেল চারটার দিকে শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে আসছিল।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানায়, বিকেলে ছোটবড় ৫০টি পরিবহন নিয়ে ফেরি কুমিল্লা কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।

বিকেল পৌনে পাঁচটার দিকে চ্যানেলে প্রবেশ করলে ইঞ্জিন বিকল হয়ে পাশের ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ডুবোচরে আটকে যায়। রাত পৌনে দশটায় উদ্ধার হওয়া ফেরিটি সোয়া দশটার দিকে কাঁঠালবাড়ী ঘাটে গিয়ে পৌঁছায়।
 

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী জানান, ফেরিটি উদ্ধার হয়েছে এবং কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছেছে। এছাড়া রাতে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত