লালবাগ কেল্লার সামনে ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৩:৫৪ পিএম

রাজধানীর লালবাগ কেল্লার সামনে ছুরিকাঘাতে বাপ্পি (২০) নামে এক কলেজছাত্র আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

স্বজনরা জানান, বাপ্পির বাড়ি শরীয়তপুর জাজিরা সৈয়লকান্দি গ্রামে। তার বাবার নাম মালেক মাদবর। শরীয়তপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষে অধ্যয়নরত।

বাপ্পির বন্ধু সাগর জানান, বাপ্পি গতকাল গ্রামের বাড়ি থেকে লালবাগ শহীদনগরে চাচায় বাসায় আসেন বেড়াতে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাপ্পি, সাগর ও আরেক বন্ধু আবেদ মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। লালবাগ কেল্লার মোড়ে মোটরসাইকেল রেখে পাশেই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন তারা।

তিনি বলেন, এ সময় ১৫/২০ জন যুবক এসে আমাদের মারধর করতে শুরু করে। তাদের শরীরে শিয়াদের কালো পোশাক ও লাল-নীল ফিতা জড়ানো ছিল। তারা সাগরের কাছ থেকে একটি মোবাইল, আবেদের কাছ থেকে একটি মানিব্যাগে ও বাপ্পির কাছ থেকে ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নেয়।

ক্যামেরা দিতে না চাওয়ায় তারা বাপ্পির বুকে পেটে ও হাতে চারটি ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বাপ্পির শরীরে চারটি ছুরিকাঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত