সরকার সঠিক পদক্ষেপ নেয়ায় দেশে প্রাণহানী কম: সচিব

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৬:০৫ পিএম

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেছেন, সরকার সারা দেশে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য চেষ্টা করছে।দেশের হাসপাতালগুলির চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতে সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করায় দেশে প্রাণহানী কম হয়েছে। 

রোববার দুপুরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্স পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় এসব বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার সারোয়ার মোরশেদ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খীসা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু, কাউন্সিলর মোমেন হাসান প্রমুখ।

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এ সময় আরো বলেন, করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনের ব্যাপারে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। দ্রুতই ভ্যাকসিন দেশে পৌঁছলে করোনা থেকে মানুষ মুক্তি পাবে। 

পরে তিনি স্বাস্থ্য কমপ্লে­ক্সে চিকিৎসারত রোগীদের খোঁজ-খবর নেন এবং রোগীদের সেবার মান বৃদ্ধিতে ডাক্তারদের নির্দেশ দেন। 

উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে চার বিশেষজ্ঞ ডাক্তারের শূন্য পদ অচিরেই পূরণ করা হবে বলে জানান তিনি। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু  ভৈরবের ট্রমা সেন্টারকে হার্ট ফাউন্ডেশনে রূপান্তরের দাবি জানালে সচিব তা বিবেচনার আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত