করোনায় আক্রান্ত হয়ে নিজে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। ছেলে অভিষেক, পুত্রবধূ ঐশ্বরিয়া, ছোট্ট নাতনি আরাধ্যাও করোনায় আক্রান্ত ছিল। কিন্তু ৭৭ বছর বয়সেও হার মানতে শেখেননি অমিতাভ বচ্চন।
কোভিড-১৯-কে হারিয়ে সুস্থ জীবনে ফিরেছেন অমিতাভ। ডাক্তারের পরামর্শ মেনে উপযুক্ত বিশ্রাম নিয়ে ‘নিউ নর্মালে’ শুটিং জীবনে ফিরেছেন। সুরক্ষাবিধি মেনেই শুরু করেছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং। শোয়ের নতুন পর্বেই জানালেন কামব্যাকের মন্ত্র।
শিগগিরই ভারতীয় টিভি চ্যানেলে আসছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১২তম মওসুম। শাহরুখ খানের সঞ্চালনা করা একটি মওসুম বাদ দিলে বাকি সবকটিই সঞ্চালনা করেছেন বিগ বি। ২০০০ সালে যখন সঞ্চালনা শুরু করেছিলেন, টেলিভিশন শোয়ের উপর ভিত্তি করেই নতুন করে বলিউডে নিজের উপস্থিতির জানান দিয়েছিলেন।
এবার করোনামুক্ত হয়ে নতুন করে কর্মজীবন শুরু করেছেন বিগ বি। সেই কারণেই বোধহয় শোয়ের নতুন ঝলকে দর্শকদের কামব্যাকের মন্ত্র শেখালেন।
রবিবার টুইটারে শোয়ের প্রোমো ভিডিও শেয়ার করেছেন অমিতাভ। ভিডিওয় এক প্রতিযোগীর সঙ্গে দেখা যাচ্ছে তাকে। ১০০০ টাকা জিতেই প্রচণ্ড খুশি হন প্রতিযোগী। অবাক অমিতাভ বচ্চন তার কাছে জানতে চান, মাত্র ১০০০ টাকায় কেন এত খুশি? প্রতিযোগী জানান, আগের বার মাত্র ৫০০ টাকায় ব্যবসা শুরু করে ১০ কোটি টাকা আয় করেছিলেন। এবার তাই ১০০০ টাকা দিয়ে শুরু করে খুশি তিনি।
এরপরই অমিতাভ বচ্চন বলেন, জীবনে যাই হোক ‘setback’-এর জবাব সবসময় ‘comeback’ দিয়েই দেওয়া উচিত।
