দুর্গাপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণে একজন নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৮:৩৭ এএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভাঙারি দোকানে বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার শিবগঞ্জ বাজার হতে পশ্চিমে দিকে মজিদ মার্কেটে কাঞ্চনের ভাঙারি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া (৩৫) পেশায় একজন অটো মেকানিক এবং তিনি উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চলিতাপাড়ার মৃত ইয়াদ আলীর ছেলে। আর গুরুতর আহত নাহিদ (২৫) উপজেলার পৌর শহরের খুজিউড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে।

গুরুতর আহত নাহিদকে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াকান্দা গ্রামের মৃত আদালত বেগের ছেলে মজিদ মাস্টারের দোকান ভাড়া নিয়ে ভাঙারির ব্যবসা করতেন কাঞ্চন মিয়া। কী কারণে বিস্ফোরণ ঘটেছে স্পষ্ট করে বলতে না পারলেও পুলিশসহ সবার প্রাথমিক ধারণা দোকানে অনেক পুরোনো ব্যাটারির অস্তিত্ব পাওয়া গেছে। এগুলো কোনো একটির বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

দুর্গাপুর থানার ওসি মো. শাহ নুর এ আলম জানান, ভাঙারি দোকানে অনেকগুলো ব্যাটারি রয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটেছে আগামীকাল (সোমবার) সকালে বিশেষজ্ঞ টিম আসলে তাদের মতামতের ভিত্তিতে প্রকৃত তথ্য জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত