ফেনীতে হাতুড়ে ডাক্তারের ৩ চেম্বার সিলগালা

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৭:২৬ পিএম

ফেনীতে হাড় ভাঙার চিকিৎসার নামে প্রতারণায় আলাবক্স নামের তিনটি চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সাইফ উদ্দিন নামের এক ভুয়া চিকিৎসকের ১৫ বছরের কারাদণ্ড ও অন্য জনের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানায়, দীর্ঘদিন ফেনীর বিভিন্ন স্থানে ডাক্তার আলাবক্স নামে হাড়ভাঙ্গার চিকিৎসা দেওয়ার নামে চেম্বার খুলে একটি চক্র প্রতারণা করে আসছে। সোমবার এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনীতে স্থাপিত ৩টি চেম্বারে অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৌমিতা দাশ জানান, অভিযানে ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার দায়ে ইকবাল হোসেন মামুন নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মো: সাইফ উদ্দিন জুলফিকার নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে তিনটি চেম্বারকে সিলগালা করা হয়।

অভিযানে অংশ নেওয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: তাহসিন নুর অমি জানান, আধুনিক চিকিৎসার যুগে আলাবক্স চেম্বারগুলোতে হাড় ভাঙার চিকিৎসায় দা, ছুড়ি ও কাঁচি ব্যবহার করা হচ্ছে। এটি সবাইকে অবাক করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত