লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চাইছেন। ফুটবল দুনিয়া এখন ওই একটি দিকেই তাকিয়ে বলতে হবে। শেষ পর্যন্ত কি হয়, সেটিই সবার আগ্রহের কেন্দ্রে। মেসির বার্সা ছাড়া নিয়ে যখন তোলপাড় চলছে, তখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ছেড়ে অন্যত্র পাড়ি দিতে যোগাযোগ চালাচ্ছেন মেসিরই সতীর্থ হার্নান বার্কোস।
সম্প্রতি ইতালিয়ান সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক তারকা বার্কোস ইতালিয়ান ক্লাবে পাড়ি দিতে চাইছেন। সিরি ‘ডি’ এর ক্লাব এফসি মেসিনার সঙ্গে তার কথাবার্তা চলছে।
বসুন্ধরা কিংসের হয়ে ঢাকার মাঠে রাজকীয় অভিষেক হয়েছিল বার্কোসের। গত মার্চে এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারায় বসুন্ধরা। যাতে আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার বার্কোস একাই করেন ৪ গোল। তার পায়ের জাদু মুগ্ধ করেছিল দর্শকদের।
তবে এখন এমনও হতে পারে, ওই ম্যাচটিই হয়তো বাংলাদেশের ক্লাবের হয়ে প্রথম ও শেষ ম্যাচ হয়ে থাকবে বার্কোসের।
বার্কোসকে আসলে বসুন্ধরা কিংস নিয়েছিল এএফসি কাপের জন্য। এ বছর ডিসেম্বর পর্যন্ত চুক্তি তার সঙ্গে। পরিকল্পনা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্যও বার্কোসকে চূড়ান্ত করা। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার লিগ বাতিল হয়ে গেছে। নতুন মৌসুম কবে শুরু হবে সেনিয়েও রয়েছে অনিশ্চয়তা।
এদিকে করোনার কারণে বন্ধ রয়েছে এএফসি কাপও। বসুন্ধরা রয়েছে ‘ই’ গ্রুপে। অক্টোবর-নভেম্বরে মালদ্বীপে বাকি ম্যাচগুলো হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি সেটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এএফসি কাপের নকআউট পর্বের ড্র স্থগিত করা হয়েছে। কিছুদিন আগে বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলের খেলা দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেছে। ধারণা করা হচ্ছে এএফসি কাপও পিছিয়ে যাবে। সেটি হলে হয়তো এক ম্যাচেই শেষ হয়ে যাবে বার্কোসের বাংলাদেশ অধ্যায়।
তবে অক্টোবর-নভেম্বরে এএফসি কাপ হবে ধরে নিয়েই চলছে বসুন্ধরা কিংসের অনুশীলন। সেপ্টেম্বরের শুরুতেই বার্কোস ক্যাম্পে যোগ দেবেন বলে খবর।
মার্চে করোনার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর পরিবারের কাছে ফিরে যান বার্কোস। আর্জেন্টাইন হলেও ক্যারিয়ারে বেশির ভাগ সময় খেলেছেন ব্রাজিলের ক্লাবে। তাই সেখানেই তার বাড়িঘর।
সম্প্রতি ব্রাজিলের দুই তারকা রবসন আজেভেদো দা সিলভা রবিনহো ও জোনাথন দা সিলভেইরা ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা। তিনজন একই ফ্লাইটে ৪ সেপ্টেম্বর ঢাকায় আসবেন বলে জানা গেছে।
