সুশান্তের মৃত্যু: এখন পর্যন্ত খুনের প্রমাণ পায়নি সিবিআই!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮ পিএম

সুশান্ত সিং রাজপুতকে খুন করার কোনো প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। এ পর্যন্ত যা তদন্ত হয়েছে, তাতে আত্মহত্যাই করেছিলেন অভিনেতা, ধারণা সুশান্ত মামলায় তদন্তকারী ৩ সিবিআই অফিসারের। এমনটাই জানিয়েছে এক ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্ত মামলার তদন্তভার নেয় সিবিআই। মুম্বাইয়ে পৌঁছে তদন্তের কাজ শুরু করে বিশেষ তদন্তকারী দল। টানা পাঁচ দিন ধরে রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিককে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিয়ার বাবা-মাকেও। তার আগে সিদ্ধার্থ পিঠানি, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত, সুশান্তের বোন মীতু সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুশান্তের ফ্ল্যাটে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছে। বেসরকারি সংবাদমাধ্যমের দাবি, সমস্ত দিক খতিয়ে দেখার পর তদন্তকারী দলের তিনজন আধিকারিক আলাদা আলাদাভাবে জানিয়েছেন, খুন নয় আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। যদিও এখনো খুনের মামলার তদন্তই চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা। তবে আত্মহত্যার এই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত AIIMS-এর ফরেনসিক বিশেষজ্ঞদের চূড়ান্ত রিপোর্টের প্রতীক্ষায় রয়েছে সিবিআই টিম।

এদিকে সোশ্যাল মিডিয়ায় রিয়া চক্রবর্তীর ১২ জুন আপলোড করা একটি ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। ছবিতে একটি ম্যাঙ্গো কেক হাতে পোজ দিয়েছিলেন রিয়া। ছবিটি ট্যাগ করেছিলেন শ্রুতি মোদিকে। অনেকের দাবি, ছবিটি সুশান্তের ফ্ল্যাটে তোলা হয়েছিল। এদিকে রিয়া জানিয়েছিলেন, ৮ জুন তিনি সুশান্তের ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। তাহলে এই ছবির রহস্য কী? এই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

সুশান্তের মৃত্যুর পর রিয়াকে কুপার হাসপাতালের মর্গে দেখা গিয়েছিল। ভাইরাল হয়েছিল ভিডিও। রিয়া কীভাবে মর্গে ঢুকেছিলেন? এই প্রশ্ন জানতে চেয়েছিল মহারাষ্ট্রের মানবাধিকার কমিশন। তার উত্তরে বৃহন্মুম্বই পুরসভার (BMC) পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অনুমতি এ বিষয়ে ছিল না। 

এদিকে সুশান্ত মামলার জেরেই অভিনেতা-অভিনেত্রীদের নিয়মিত ডোপ টেস্টের দাবি তুলেছেন বিজেপি নেতা বিশ্বাস সারঙ্গ। নিজের দাবি লিখিতভাবে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকরকে জানিয়েছেন তিনি। সুচিত্রা কৃষ্ণমূর্তি আবার টুইটারে প্রশ্ন তুলেছেন, রিয়া যাতে সুশান্তকে ছেড়ে দেন সে বিষয়ে মহেশ ভাটের এত আগ্রহ কেন ছিল। তা নিয়ে মহেশকে কেন সিবিআই প্রশ্ন করছে না?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত