বিকল্প শ্রম বাজার হিসেবে কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রোমানিয়া ও ক্রোয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ নিতে সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই নিয়ে গতকাল মঙ্গলবার সংসদ ভবনে বৈঠকের পর সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রবাসের শ্রমবাজার যেন সংকুচিত না হয় সেজন্য বিদেশে বাংলাদেশ মিশনগুলোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয় বৈঠকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে কভিড-১৯ মহামারীর মধ্যে গত চার মাসেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৮০ হাজার প্রবাসী ফিরে এসেছেন অথবা তাদের ফেরত পাঠানো হয়েছে। করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা পরবর্তী সময়ে যেন ফের ওইসব দেশে যেতে পারেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছে কমিটি।
