দৃষ্টি আই হসপিটালের যাত্রা শুরু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১০:২৪ এএম

রাজধানীতে চোখের চিকিৎসায় নতুন আরও একটি হাসপাতাল যাত্রা শুরু করেছে। সর্বাধুনিক চোখের চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দৃষ্টি আই হসপিটাল।

মঙ্গলবার রাজধানীর বনশ্রীতে অবস্থিত হাসপাতালটির শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল হাসান মহসিন।

রেটিনা, গ্লুকোমা, কর্নিয়া, অকুলোপ্লাস্টিসহ ৭টি কনসালট্যান্ট সেন্টারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করেছে হাসপাতালটি।

মাকসুদুল হাসান মহসিন বলেন, দৃষ্টি আই হসপিটাল বনশ্রীর আশপাশের এলাকাসহ রাজধানীবাসীর কাঙ্ক্ষিত চোখের সেবা নিশ্চিত করবে। তবে সেবামূল্য রোগীদের নাগালের মধ্যে রাখার অনুরোধ জানান তিনি।

সভাপতির বক্তব্যে হসপিটালটির চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান বলেন, স্বল্প খরচে উন্নতমানের চোখের সেবা দিতে দৃষ্টি আই হসপিটাল বদ্ধপরিকর।

ডা. মো. মাসুদুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ আবিদ আকবর।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ফরাজি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. ইমন ফরাজি, বনশ্রী কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল কালাম, সেক্রেটারি নুরুল কবিরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত