সিনহা হত্যা মামলা: জবানবন্দি শেষে কারাগারে তিন আসামি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৭ পিএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেল ৩টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই তিন আসামি জ্যেষ্ঠ বিচারক তামান্না ফারাহর খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আসা তিন আসামি হলেন- টেকনাফের মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ। তারা মেজর সিনহা নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার সাক্ষী ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার ১২টার দিকে এ ৩জনকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্’র আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কিন্তু এই তিন দিনের রিমান্ডের প্রথম দিনেই সিনহা হত্যা মামলার গুরুত্বপূর্ণ তথ্য স্বীকার করেন। এ জন্য তাদের বুধবার সাড়ে ১০টার দিকে আদালতে নিয়ে আসা হয়। আশা করি আমাদের কাছে দেয়া সব তথ্য আদালতের কাছে স্বীকার করেছেন। দীর্ঘ সময় ধরে আদালতে স্বীকারোক্তি শেষে এই তিনজনকে বিকেলে কারাগারে পাঠিয়েছে আদালত।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। মেজর সিনহা খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ১০ আগস্ট মারিশবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত