চাঁপাইনবাবগঞ্জে চালককে হত্যা করে রিকশাভ্যান ছিনতাই

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে শিহাব (১৫) নামের এক কিশোরকে হত্যার পর তার রিকশাভ্যান ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ছিনতাই ঘটনার ৪০ ঘণ্টার মধ্যে পুলিশ বুধবার মরদেহসহ রিকশাভ্যান উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোমস্তাপুর উপজেলার দলখৈর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে শিহাব ৩১ আগস্ট রাত ৮টার দিকে তার নতুন কেনা ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি বাড়ি ফিরে না আসলে মঙ্গলবার ১ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

এরপর গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি জসিম উদ্দীনের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই গোমস্তাপুরের ছোটদাদপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল হাকিমকে ও শিবগঞ্জের কর্ণখালি গ্রামের আব্দুস সালেকের ছেলে সুজন আলীকে আটক করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার পুলিশ যাতাহার এলাকার একটি আখক্ষেত থেকে মরদেহ উদ্ধার ও গোমস্তাপুরের কাশিয়ারবাড়ির মোয়াজ্জেম হোসেন বাড়ি থেকে রিকশাভ্যানটি উদ্ধার করে এবং মোয়াজ্জেমকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, শিহাবের কেনা ব্যাটারিচালিত নতুন রিকশাভ্যান ছিনতাই করার জন্য পরিকল্পিতভাবে তাকে আখক্ষেতে নিয়ে গিয়ে গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এদিকে, শিহাবের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় হত্যামামলা দায়ের হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, আটক আব্দুল হাকিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। অন্য দু’ আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়েও আদালতে আবেদন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত