দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের পরিত্যক্ত স্টোররুম থেকে আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৮০ জন রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে দিনাজপুর জেনারেল হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ বেসরকারি অ্যাম্বুলেন্স দিয়ে তাদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শর্টসার্কিট অথবা সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলী ও পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
