নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বামী ও শাশুড়িকে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বৃষ্টি আক্তার (১৮) নামে ওই গৃহবধূকে হত্যার ঘটনা ঘটে।
গতকাল বুধবার দুপুরে বৃষ্টির বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করলে গ্রেপ্তার করা হয় স্বামী আবু বক্কর সিদ্দিক ও শাশুড়ি নাছিমা আক্তারকে। বৃষ্টি আক্তার বরিশালের আগৈলঝড়ার সেরাল এলাকার বাচ্চু মিয়ার মেয়ে।
বাবা বাচ্চু মিয়া জানান, যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ^শুরবাড়ির লোকজন তার মেয়ে বৃষ্টিকে শ্বাসরোধে হত্যা করেছে। রূপগঞ্জ থানার এসআই আশরাফ বলেন, মঙ্গলবার রাতেই বৃষ্টি আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী আবু বক্কর সিদ্দিক ও শাশুড়ি নাছিমা আক্তারকে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
