মহিলা পরিষদের প্রতিবেদন

আগস্ট মাসে ২৪৯ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫০ এএম

দেশে আগস্ট মাসে ১০৪ জন ধর্ষণের শিকারসহ ২৪৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ৯৬ জন কন্যাশিশু, যাদের বয়স ১৮ বছরের নিচে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে তারা।

প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে মোট ২৪৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৪ জন শিশুসহ ৩২ জন গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৪৯ জন কন্যাশিশুসহ ৭২ জন। এছাড়া তিনজন শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৫০ জনকে। আর শ্লীলতাহানির শিকার হয়েছে একজন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ছয়জন, এদের মধ্যে শিশু চারজন। এসিডদগ্ধের শিকার চারজন, অগ্নিদগ্ধের শিকার হয়েছে একজন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ছয়জন শিশুর সঙ্গে।

এতে আরও বলা হয়েছে, আগস্ট মাসে নারী পাচার করা হয়েছে একজন। বিভিন্ন কারণে ৩১ জন নারীকে হত্যা করা হয়েছে। এছাড়া একজন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ছয়জনকে, এদের মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে দুজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিন জন।

বিভিন্ন নির্যাতনের কারণে আটজন শিশুসহ আত্মহত্যা করেছে ১৯ জন এবং ১০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিয়ে সংক্রান্ত ঘটনা ঘটেছে চারটি। আর সাইবার ক্রাইম অপরাধের শিকার হয়েছে দুজন শিশু।

বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর আগে দেশে গত জুলাই মাসে ১০৭ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের ঘটনাসহ মোট ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত