করোনায় সাবেক যুগ্ম সচিব খলিলুর রহমানের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫১ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. খলিলুর রহমান মিঞা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার ভোর সাড়ে ৬টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী সম্মিলিত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খলিলুর রহমান টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পূর্বপাড়া গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খলিলুর রহমানের বড় ভাই মো. আজহার মাস্টার সাংবাদিকদের জানান, খলিলুর রহমান ঈদুল আজহার দিন রাতে করোনার উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে বাংলাদেশ কুয়েত মৈত্রী সম্মিলিত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৬টায় তিনি মারা যান। তার এক ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি দেশে এলে ৫ সেপ্টেম্বর পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত