মানি লন্ডারিং মামলায় সাহেদ ৮ দিনের রিমান্ডে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০২:২০ এএম

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর হাকিম আদালত। ১১ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে সিআইডির করা মামলায় বৃহস্পতিবার এই আদেশ দেয় আদালত।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে আসামিপক্ষ। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করে।

এ ছাড়া, উত্তরা পশ্চিম থানার প্রতারণার সাত মামলায় সাহেদকে গ্রেপ্তার দেখানো হয়। উত্তরা পশ্চিম থানার এসআই জালালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ আগস্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করে ৭ কোটি ৯০ লাখ টাকা এবং করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ৩ কোটি ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়ায় উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন সিআইডির পুলিশ পরিদর্শক ইব্রাহিম হোসেন।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে ঢাকায় আনা হয়। মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে ১৪ জুলাই গ্রেপ্তার করা হয়।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ে। পরদিন রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত