কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ঝাউতলা-গয়ালমারা সড়কের চলমান সংস্কার ও প্রশস্তকরণকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, সংস্কারকাজে বালির পরিবর্তে পাহাড়ি লাল মাটি এবং মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের কংক্রিট ব্যবহার করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে সড়কটি নষ্ট হয়ে পুনরায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন পথচারীরা। সম্প্রতি পুরাতন রত্নাপালং ইউপি অফিসসংলগ্ন সড়কটি সরেজমিনে ঘুরে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, সাড়ে ৪ কিলোমিটারের ঝাউতলা-গয়ালমারা সড়কটির সংস্কার ও প্রশস্তকরণকাজ এগিয়ে চলছে। এতে ব্যয় ধরা হয় ৪ কোটি ৬০ লাখ ৫৯ হাজার টাকা। ঢাকার কলাবাগানের নবারুন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের দেখভাল করছে।
উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, শিডিউল মোতাবেক কাজ না হলে সড়কটির উন্নয়নকাজ পরিদর্শন করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
