করোনা মহামারির অবস্থা বিবেচনায় দেশে প্রথমবারের মতো চিকিৎসকদের টেলিমেডিসিন গাইডলাইন প্রস্তুত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। রোগীর স্বাস্থ্যসেবায় এ গাইডলাইন চিকিৎসকদের সহায়ক হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএমডিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অনেক দেশে টেলিমেডিসিন সেবা দীর্ঘদিন ধরে চালু রয়েছে । এ সংক্রান্ত গাইডলাইন সে সব দেশের হেলথ রেগুলেটরি সংস্থা বা মেডিকেল কাউন্সিল অনুমোদিত। বর্তমানে দেশে চলমান স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে প্রথমবারের মতো বিএমডিসি একটি টেলিমেডিসিন গাইডলাইন তৈরি করেছে।
প্রসঙ্গত, দেশে করোনা মহামারি শুরুর প্রথম থেকেই হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের ভোগান্তি চরমে ওঠে। জরুরি প্রয়োজনেও সংক্রমণ আতঙ্কে চিকিৎসক ও রোগীরা হাসপাতাল এড়িয়ে চলতে থাকে। এরপর অনেক চিকিৎসক ব্যক্তিগতভাবে রোগীদের টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসাসেবা দিচ্ছেন।
