মাশরাফির ব্রেসলেটের অর্থ দিয়ে ১০ শয্যার বিশেষায়িত হাসপাতাল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৭ পিএম

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার নিলামে তোলা ব্রেসলেটের অর্থ দিয়ে নড়াইলে নির্মাণ করা হবে ১০ শয্যার বিশেষায়িত হাসপাতাল। মাশরাফীর হাতে গড়া স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুক্রবার সকাল বেলা ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও থায়রো কেয়ার সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহসভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, স্পেকটা হেক্সা গ্রুপের চেয়ারম্যান মো. আকরামুজ্জামান, পরিচালক মো. আহসানুজ্জামান, আব্দুল মুকিত লাভলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট রেজাউল খবির রাজু, হোসাইন আহম্মেদ সোহান প্রমুখ।

সভায় ঘোষণা দেওয়া হয়, মাশরাফী বিন মোর্ত্তজা ব্যবহৃত ব্রেসলেট নিলামের ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনাভাইরাস প্রতিরোধে খরচ করা হয়েছে। ব্রেসলেট নিলামের বাকি ২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েকজন ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। যেখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বরে মাশরাফী বিন মোর্ত্তজার হাত ধরে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা হয়। শুরু থেকেই ফাউন্ডেশন জেলার প্রত্যন্ত অঞ্চলে বাড়িতে বাড়িতে বিনা মূল্যে ও স্বল্প খরচে স্বাস্থ্য সেবা প্রদান, ডেঙ্গু ও করোনা মহামারি প্রতিরোধে বিভিন্ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার উন্নয়নে উচ্চ প্রশিক্ষণের ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত