হলিউড ক্ল্যাসিক ‘দ্য গডফাদার: পার্ট থ্রি’ নিয়ে এলো নতুন ঘোষণা। প্রারম্ভিক মুক্তির ৩০ বছর পর সিনেমাটি ডিসেম্বর নির্বাচিত কিছু থিয়েটারে দেখা যাবে। তবে চমক এখানেই শেষ নয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে প্যারামাউন্ট পিকচার্স এ খবর জানায়। বলা হচ্ছে, এই কিস্তিতে থাকছে ব্যাপক পরিবর্তন। যার পুরোটাই ঘটেছে পরিচালক ফ্রান্সিস ফোর্ড কোপলার তত্ত্বাবধানে।
এ ছবির নাম রাখা হচ্ছে ‘দ্য গডফাদার, কোড: দ্য ডেথ অব মাইকেল কর্লিওনি’। নতুন এ সংস্করণে থাকছে নতুন সূচনা, সমাপ্তি ও ভেতরে একাধিক সম্পাদনা। যা অন্যতম চিত্রনাট্যকার ও মূল ‘গডফাদার’ লেখক প্রয়াত মারিও পুজোরও ইচ্ছার প্রতিফলন। থিয়েটার প্রদর্শনী শেষে সিনেমাটি ডিজিটাল মাধ্যম ও ডিভিডিতে রিলিজ হবে।
কোপলা জানান, নতুন সংস্করণটি হতে যাচ্ছে ‘দ্য গডফাদার’ ও ‘দ্য গডফাদার: পার্ট টু’র উপযুক্ত সমাপ্তি। যার শিরোনাম ও সম্পাদনায় মূল সিনেমা নিয়ে মারিও ও তার অভিপ্রায় বাস্তব রূপ লাভ করছে। এ কারণে পুরোনো ফুটেজ ও শব্দ যোগ করা হচ্ছে।
এই সিরিজের তিনটি কিস্তি মুক্তি পায় যথাক্রমে ১৯৭২, ১৯৭৪ ও ১৯৯০ সালে। এর মধ্যে প্রথম দুটি ছবি ব্যাপক সমাদর পেলেও তৃতীয়টি ততটা উল্লেখযোগ্য হিসেবে বর্ণিত হয় না। হয়তো সেই কারণে নতুন পদক্ষেপ নিলেন কোপলা।
সিরিজটি ইতালিয়ান-আমেরিকান লেখক মারিও পুজোর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। যেখানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে থিতু হওয়া ইতালিয়ান মাফিয়া পরিবারের কাহিনি। বক্স অফিস সফল এই ট্রিলজির আয় ৫০ কোটি ডলারের বেশি। এর মধ্যে ‘দ্য গডফাদার: পার্ট টু’কে ধরা হয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সিক্যুয়েল। অস্কারে সিরিজটি মোট ২৮টি মনোনয়ন পায়, জেতে ৯টি পুরস্কার।
