মিতুল, নাদিয়া, অ্যালেন যখন ১০ম শ্রেণির শিক্ষার্থী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:০২ পিএম

২ সেপ্টেম্বর শুটিং শেষ হলো টেলিফিল্ম ‘সিঁড়ি’র। ২১ আগস্ট থেকে মানিকগঞ্জে শুরু হয়েছিল টেলিফিল্ম ‘সিঁড়ি’র শুটিং। বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে শেষ হয়েছে টেলিফিল্মটির শুটিং। দশম শ্রেণির ৩ জন ছাত্র-ছাত্রীর ত্রিভুজ প্রেমের গল্পে এগিয়েছে টেলিফিল্মটি। এই ৩টি চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া এবং আফফান মিতুল। আর দশম শ্রেণির ক্লাস টিচারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মনিরা মিঠু এবং প্রধান শিক্ষকের চরিত্রে মাসুম আজিজ। পি.আর. প্ল্যাসিডের উপন্যাস ‘সিঁড়ি’ অবলম্বনে নির্মিত টেলিফিল্মের চিত্রনাট্য করেছেন মমর রুবেল এবং পরিচালনা করছেন ‘ইন্দুবালা’ চলচ্চিত্রের নির্মাতা জয় সরকার।

গল্পে দেখা যায়, রোল ১, ২, ৩ থাকে নাদিয়া, অ্যালেন শুভ্র ও আফফান মিতুলের। তিনজন ঘনিষ্ঠ বন্ধু, সব সময়ই একসঙ্গে থাকে। এদিকে, অ্যালেন ও আফফান দুইজনই ভালোবাসেন নাদিয়াকে। দূরত্ব তৈরি সবার সঙ্গে সবার, কমতে থাকে পড়াশোনার মনোযোগ। ব্যাপারটি বুঝতে পেরে ক্লাসটিচার মনিরা মিঠু এবং প্রধান শিক্ষক মাসুম আজিজ তাদের বোজায় এই বয়সে পড়াশোনার বিকল্প আর কিছুই হতে পারে না, তিনি সবাইকে বঙ্গবন্ধুর গল্প শোনান, বঙ্গবন্ধুর বই পড়তে দেন আর বলেন নিজের কথা না ভেবে বঙ্গবন্ধুর মতো দেশের জন্যে ভাবতে। এরপর বদলাতে থাকে ৩ জনের জীবনধারা।

এই টেলিফিল্মে অভিনয় করতে গিয়ে নস্টালজিক হলেন আফফান মিতুল, ফিরে গেলেন তিনি যখন ক্লাস টেনে পড়তেন সেই স্মৃতিতে। তিনি বলেন, কাজটির জন্যে চুল-দাড়ি-মোছ কেটেছি, ওজন কমিয়েছি। মনিরা মিঠু আপা আমাকে দেখে বলেন, "তোমাকে দেখে মনে হচ্ছে ক্লাস সেভেনে পড়ো"। এদিকে, গত সপ্তাহে এফডিসিতে নাম এন্ট্রি হলো আফফান মিতুলের লেখা "স্বপ্নের ফেরিওয়ালা" চলচ্চিত্রের, পরিচালনা করবেন সায়মন তারিক। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে আফফান মিতুল অভিনীত প্রায় এক ডজন চলচ্চিত্রের। আফ্ফান মিতুল সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আরো অর্ধডজন চলচ্চিত্রে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত