খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে দিনে দুপুরে চুরি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৩ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলা (পাকেরহাট) স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার সকাল ১১টার দিকে আবাসিক হলের দ্বিতীয় ভবনের তালা ভেঙে হাসপাতালের নার্স মিলি আক্তারের ঘরের তালা ভেঙে চুরি হয়। এতে নগদ ১৫ হাজার টাকা ও একজোড়া কানের দুল (স্বর্ণের) চুরি হয়। এছাড়াও আরো তিনটি ঘরের তালা ভেঙে চুরির চেষ্টা করা হয়। কিন্তু ওই তিন ঘরে কিছু না পেয়ে পালিয়ে যায় চোরেরা। এর আগেও এই হাসপাতাল থেকে সাইকেল ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয়দের দাবি, পুরো হাসপাতালটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসলে চুরির ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

এ বিষয়ে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রেজা মো. মাহমুদুল হক বলেন, আমরা সাড়ে ১১ টার দিকে দাপ্তরিক কাজে সবাই অফিস কক্ষে ছিলাম। এর মধ্যে কখন চুরি হয়েছে আমরা কেউ জানি না। চুরির বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন বলেন, চুরির ঘটনাটি জানার পর আমি সেখানে যাই। চোর ধরার জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত