মুক্তিযোদ্ধার ওপর হামলা

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি দাবি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৭ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিনা চিকিৎসায় স্ত্রীর মৃত্যু এবং এ ঘটনা নিয়ে মুক্তিযোদ্ধা ও তার ছেলের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

গতকাল সকালে রামেক হাসপাতাল সংলগ্ন নগরীর লক্ষ্মীপুর মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত ও হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে হাসপাতাল ঘেরাওয়ের হুমকি দেন তারা।

গত ২ সেপ্টেম্বর হাসপাতালে মুক্তিযোদ্ধা ইসাহাক আলীর স্ত্রী পারুল বেগমের (৬৫) মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ইন্টার্ন চিকিৎসকের গায়ে হাত তোলার অভিযোগে ইসাহাক আলী ও তার ছেলে রাকিবুল ইসলামকে মারধর করা হয়। পরে রাকিবুলকে পুলিশে সোপর্দ করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ ঘটনায় গত শনিবার রাজপাড়া থানায় মামলা করেন ইসাহাক আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত