বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র কিনেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক।
৩ অক্টোবর বাফুফে নির্বাচন। তার আগে সোমবার মনোনয়নপত্র বিলির শেষ দিন। এদিন একদমই আলোচনার বাইরে থেকে সভাপতি পদের জন্য মনোনয়নপত্র নিলেন মানিক। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানাতে নির্বাচনে লড়বেন তিনি।
দেশ রূপান্তরকে মানিক বলেন, ‘আমি মনোনয়নপত্র নিয়েছি। নির্বাচন করব বলেই আমি মনোনয়নপত্র নিয়েছি।’
বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন টানা চতুর্থবারের মতো লড়বেন সভাপতি পদে। নির্বাচনের অনেক আগে থেকেই তাকে চ্যালেঞ্জ জানানোর ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সড়ে দাঁড়ান আলোচিত ব্যবসায়ী সংগঠক তরফদার মো. রুহুল আমিন।
ধারণা করা হচ্ছিল, হয়তো ভোটের লড়াইয়ে সভাপতি পদে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না। শেষ পর্যন্ত দেশের অন্যতম সেরা কোচ মানিক মনোনয়নপত্র কিনে চমক দিলেন।
এদিকে বর্তমান সহ-সভাপতি বাদল রায় আগেই বলেছিলেন, কাজী সালাহউদ্দিনের বিরুদ্ধে কেউ নির্বাচন না করলে তিনি চ্যালেঞ্জ ছোড়ে দেবেন। সোমবার তিনিও মনোনয়নপত্র কিনেছেন।
অর্থাৎ নির্বাচনের মাঠে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দৃশ্যপটে এখন দুইজন। যে দুজনেরই রয়েছে ফুটবলে বর্ণিল ক্যারিয়ার।
