কঙ্গনা রনৌতের মন্তব্যের জেরে নাখোশ মহারাষ্ট্র সরকার। তাও আবার প্রদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নায়িকার অভিযোগ। এ ঘটনায় নাক গলিয়েছে হিমাচল সরকার, তারাই নাকি ‘কুইন’ অভিনেত্রীকে নিরাপত্তা দেবে।
হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বললেন, “হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনা রনৌত। তাই কঙ্গনাকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। হিমাচলের ডিজিপির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। ৯ সেপ্টেম্বর মুম্বাইতে যাচ্ছেন কঙ্গনা। অভিনেত্রীকে কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে সরব হচ্ছেন কঙ্গনা। সম্প্রতি সিনে ইন্ডাস্ট্রির একাংশের বিরুদ্ধে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগ এনেছেন। শিবসেনা ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন তিনি। ফলে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের সঙ্গে প্রায় সম্মুখ সমরে কঙ্গনা।
৯ সেপ্টেম্বর কঙ্গনা মুম্বাই যাচ্ছেন। প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, কারো বাবার ক্ষমতা থাকলে যেন তাকে আটকানো হয়।
এর আগে মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’-এর সঙ্গে তুলনা করেন কঙ্গনা। পাশাপাশি মুম্বাইতে ‘তালিবান সাম্রাজ্য’ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন। স্থানীয় পুলিশ নিয়েও বিব্রতকর মন্তব্য করেন। কঙ্গনার এ সব মন্তব্যের পরই ফুঁসে ওঠেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি বলিউডের অনেকেই এর পর কঙ্গনার বিরোধিতা করে মুম্বাই বন্দনায় নেমেছেন।
এরপরই শনিবার কঙ্গনার বোন ও ব্যবস্থাপক রঙ্গোলি চান্দেল হিমাচলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। সেখানে অভিনেত্রীর নিরাপত্তা দাবি করেন তিনি।
এমনিতেই সুশান্তর আত্মহত্যার জেরে বিহারের সঙ্গে মহারাষ্ট্রের ক্ষমতাসীন ও আইন-শৃঙ্খলা বাহিনীর টানাপোড়েন চলছে। এবার কঙ্গনার উসকে দেওয়া আগুনে যুক্ত হলো হিমাচল।
