ফেইসবুককে বাংলাদেশের আইন মানার আহ্বান মন্ত্রীর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১১:২৯ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে বাংলাদেশের আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশের সংশ্লিষ্ট সব প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা ফেসবুকের দায়িত্ব।

সোমবার ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তর সিঙ্গাপুরের সঙ্গে ডিজিটাল বৈঠকে এই আহ্বান জানান মন্ত্রী। বৈঠকে তিনি রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের আইন, আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ ও নিয়মনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে আইন আছে, সেই আইন মোতাবেক ফেইসবুককে কনটেন্ট এবং অন্যান্য বিষয় বাস্তবায়ন করতে হবে। ফেইসবুক কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার বিষয়ে মন্ত্রীকে আশ্বাস দেন এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, কর ও ভ্যাট বিষয়ক আইন মেনে চলারও আশ্বাস প্রদান করেন।

বৈঠকে নানা বিষয়ে আলোচনার মধ্যে কনটেন্ট বিষয়ে বিদ্যমান যেকোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাদেশি বাংলাভাষীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানায় ফেইসবুক কর্তৃপক্ষ।

এ সময় মোস্তাফা জব্বার বাংলাদেশে নৈরাজ্য, পর্নোগ্রাফি, সন্ত্রাস, গুজব রটানো, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অপপ্রচার ও সামাজিক নিরাপত্তাসহ বিদ্যমান বিভিন্ন বিষয়ে ফেইসবুককে বাংলাদেশের নিয়মনীতি মেনে নিরাপদ ফেইসবুক ব্যবহারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাক্স পলিসি) আলমগীর হোসেন, ফার্স্ট সেক্রেটারি কাজী ফরিদ উদ্দিন ও বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ার ও আমজাদ হোসেন প্রমুখ সংযুক্ত ছিলেন। ফেইসবুকের পক্ষ থেকে হেড অব সেফটি বিক্রম সেনগ, পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বিনী রানা, ফেইসবুকে নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়া এবং ফেইসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরাম ইকবাল আলোচনায় অংশ নেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত