নারায়ণগঞ্জে বাইতুস সালাত জামে মসজিদের শুক্রবার রাতে এশা নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকার দায় এড়াতে পারেন না মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন ও আহত নিহত পরিবারদের বিএনপির পক্ষ থেকে অনুদান প্রদান করতে এসে এসব কথা বলেন তিনি। এ সময় নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদাণ করা হয়।
শাহজাহান আরো বলেন, এ মসজিদ যদি অন্যায়ভাবে হয়ে থাকে তাহলে এত বছর সরকার ও প্রশাসনের লোকজন কী ঘুমিয়ে ছিল? তারা কী দেখেনি? আগে যদি তারা ব্যবস্থা নিত তাহলে তো এতোবড় দুর্ঘটনা ঘটতো না। এখানে রাস্তা নেই, হাঁটার সড়ক নেই, পানিতে ডুবে আছে। এ দায় সরকারকে নিতেই হবে। দায় এড়ানোর কোন উপায় সরকারের নেই। আমরা সকলের কাছে দোয়া চাই।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রাণ কাঁদে এ ঘটনায়। তাই তিনি তাদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশে হতাহতদের পাশে আছি। আপনারা হতাহতদের জন্য ও খালেদা জিয়ার সুস্থ্যতায় দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব ও দলের সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, শওকত হাসেম শকু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি প্রমুখ।
