করোনা মহামারীর এই দুঃসময়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নির্ধারণ করার অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মো. খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার তিনি এ চিঠি পাঠান।
পৃথক পৃথক পাঠানো ওই চিঠিতে সুজন উল্লেখ করেন, করোনার কারণে পুরো পৃথিবী অনেকটা থমকে আছে। দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক পেশাজীবী ও চাকরিজীবী। অনেক প্রবাসী চাকরি হারিয়ে দেশে ফিরেছেন। এমন পরিস্থিতিতে নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। মানবিক বিবেচনায় সরকার বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিলে বিলম্ব ফি মওকুফ করেছে এবং বিভিন্ন সেক্টরে প্রণোদনা দিচ্ছে। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মহামারীর এই সময়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্র্তৃক অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিয়ে পূর্ণাঙ্গ মাসিক বেতন ও টিউশন ফি আদায়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এ বিষয়ে তিনি সুচিন্তিত নির্দেশনা প্রদানের জন্য শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর হস্তক্ষেপ একান্তভাবে কামনা করেছেন।
