সুশান্ত মামলায় গ্রেপ্তার হলেন রিয়া চক্রবর্তী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৭ পিএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় গ্রেপ্তার হলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। মূলত মাদক সরবরাহে ভূমিকা রাখার কারণে গ্রেপ্তার হলেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম জানায়, রবিবার থেকে রিয়াকে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবি ও সোমবার পর পর দু’দিন জেরার পর, মঙ্গলবারও ডাকা হয় রিয়াকে। এ দিন কিছুক্ষণ জেরার পরই দুপুরের দিকে রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। বিকেল সাড়ে ৪টে নাগাদ তার ডাক্তারি পরীক্ষা হয়।

মাদক সম্পৃক্ততার অভিযোগে রবিবার থেকে  রিয়াকে টানা জেরা করছিল এনসিবি। রবিবার এক টানা আট ঘণ্টা জেরা করা হয় তাকে। রিয়ার ভাই শৌভিকের মুখোমুখি বসিয়ে সোমবার জেরা করা হয় ছ’ঘণ্টা। বারবার প্রশ্নের মুখে পড়ে গতকাল এনসিবির সামনে রিয়া বলেন, ‘আমি যা করেছি, তা সবই সুশান্তের জন্য।’

তার পরে এদিন আবার রিয়াকে জেরার জন্য এনসিবির সদর দপ্তরে ডাকা হয়। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা জেরার পর দুপুরে গ্রেপ্তার করা হয় তাকে।

এনসিবির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্র এ দিন সংবাদমাধ্যমে বলেন, ‘রিয়াকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।’

তবে এমন কিছু যে একটা ঘটতে পারে, আগে থেকেই তা আঁচ করতে পেরেছিলেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে। রিয়া গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত বলে দিন কয়েক আগেই বিবৃতি দেন তিনি। মেয়ের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হন রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। তিনি বলেন, ‘আমার ছেলেকে গ্রেপ্তার করার জন্য ভারতকে অভিনন্দন। আমি নিশ্চিত, এর পরেই আমার মেয়ের পালা।’ এ দিন তাদের সেই আশঙ্কাই সত্যি হল।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে মুম্বাই পুলিশের হাতেই তদন্তভার ছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে ওঠে। সেই মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদকযোগের কথা উঠে এলে, আলাদা করে তদন্ত শুরু করে এনসিবি। তা নিয়ে গত সপ্তাহে দফায় দফায় জেরার পর শুক্রবার রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন সুশান্তের গৃহকর্মী দীপেশও। ৯ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে রয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত