বরিশাল কোতোয়ালি মডেল থানার দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- উপপরিদর্শক (এস.আই) বশির আহমেদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শরীফ।
মঙ্গলবার কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেন।
মো. রাসেল জানান, তারা নির্ধারিত এলাকার বাইরে গিয়ে দায়িত্ব পালন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।
এ ছাড়া, দলিল লেখক রিয়াজের স্ত্রী আমিনা বেগম লিজাকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ রয়েছে উপপরিদর্শক বশির আহমেদের বিরুদ্ধে।
২০১৮ সালের ১৮ এপ্রিল রাতে সদর উপজেলার বুখাইনগর গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দলিল লেখক রিয়াজকে কুপিয়ে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক বশির আহমেদ।
লিজা তার পরকীয়া প্রেমিক মাসুমকে নিয়ে রিয়াজকে হত্যা করে মর্মে ২০ এপ্রিল আদালতে স্বীকারোক্তি দিতে বাধ্য করার অভিযোগ ওঠে উপপরিদর্শক বশির আহম্মেদের বিরুদ্ধে। পরে নগর গোয়েন্দা পুলিশের অধিকতর তদন্তের সময় গ্রেপ্তার হওয়া তিন চোর ২৮ আগস্ট আদালতে দেয়া স্বীকারোক্তিতে বলেছে, ঘরে চুরি করতে ঢুকলে রিয়াজ জেগে ওঠায় তাকে কুপিয়ে হত্যা করেন তারা।
