করোনায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ নারীর মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৬ পিএম

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এ নিয়ে, জেলায় করেনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩১ জন। উপসর্গ নিয়ে মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন ৯২ জন।

মৃত নারীরা হলেন, তালা উপজেলা সদরের নুরআলী সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬৫) ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের রাখাল চন্দ্র গাইনের স্ত্রী তরঙ্গীনী গাইন (৪৮)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন তালা উপজেলা সদরের নুরআলী সরদারের স্ত্রী ফজিলা খাতুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটে তিনি মারা যান।

এদিকে, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের রাখাল চন্দ্র গাইনের স্ত্রী তরঙ্গীনী গাইন গত ২ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তিনিও মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই নারীর লাশ দাফন ও সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত