ডা. সাবরিনার দুই এনআইডি

ইসি সচিব ও সময় টিভির বার্তা প্রধানকে ড. মিজানের আইনি নোটিশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৮ পিএম

ডা. সাবরিনা শারমিন হুসেন ওরফে সাবরিনা আরিফের দ্বিতীয়বার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশের কারণে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহসহ চারজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার পাঠানো ওই নোটিশে নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ওই সংবাদ ও সেখানে দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সংবাদ সম্মেলন করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ডাক ও ইমেইলে ড. মিজানুর রহমানের পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী মো. সাজ্জাদ হোসেন, খান মোহাম্মদ শামীম আজিজ, মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

ব্যারিস্টার হ‌ুমায়ন কবির পল্লব বলেন, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রত্যাহার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের মক্কেলের কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে নোটিশ গ্রহীতাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে জেকেজি হেলথ কেয়ারের নমুনা পরীক্ষা নিয়ে  জালিয়াতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন জাতীয়  হৃদ্‌রোগ ইনস্টিটিউট’র বরখাস্ত চিকিৎসক ডা. সাবরিনা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে তার দুটি জাতীয় পরিচয়পত্র থাকার তথ্য বেরিয়ে আসার পর এ নিয়ে মামলা করে নির্বাচন কমিশন।

ডা. সাবরিনা দ্বিতীয়বার ভোটার হওয়ার জন্য ২০১৬ সালের ৭ জানুয়ারি আবেদন করেন। তার ওই আবেদনে জাতীয় মানবাধিকার কমিশনের তখনকার চেয়ারম্যান ড. মিজানুর রহমানের একটি ভিজিটিং কার্ড পাওয়া গেছে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান। সম্প্রতি সময় টেলিভিশন সাবরিনা আরিফের দ্বিতীয়বার ভোটার হওয়ার ঘটনায় মিজানুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রচার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত