টেকনাফ-সেন্টমার্টিন রুটে স্পিডবোট- ট্রলার সংঘর্ষে দুই নারী নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:২১ পিএম

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং ট্রলারের মুখোমুখি সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু নিখোঁজ ও ৫ জন আহত হয়েছেন।  

নিহতরা হলেন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের পশ্চিমপাড়ার বাটু মিয়ার স্ত্রী রশিদা বেগম (৬৫) ও আবদুল জলিলের স্ত্রী মেহেরুন্নেছা (৭৫)।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী খালের নাফ নদীর মোহনায় বিজিবি চৌকি এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট থেকে ৮ জন যাত্রী নিয়ে কাইছার নামে এক চালক স্পিডবোট নিয়ে সেন্টমার্টিন উদ্দেশ্যে রওনা করে। কিছু দূর পর বিজিবি চৌকির কাছাকাছি সামনে থাকা একটি ফিশিং ট্রলারের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোটসহ যাত্রীরা উল্টে যায়।

এতে স্পিডবোটটি ডুবে রশিদা নামে এক নারী নিহত ও ৭ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ যাত্রীকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন- মামুন, মো. আমিন, জাহারো বেগম, সোহেল, মমতাজ বেগম।

এছাড়া, টেকনাফ মেরিনসিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান জানান, মেহেরুন্নেছা নামে এক মুমূর্ষু নারীকে এখানে আনা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, এ ঘটনায় রশিদা বেগম ও মেহেরুন্নেছা নামের দুই নারী নিহত হয়েছেন এবং সুমাইয়া নামে এক কন্যা শিশু এখনো নিখোঁজ রয়েছে।
  
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আমিরুল জানান, নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত