চট্টগ্রাম পুরনো সার্কিট হাউসের আঙ্গিনা থেকে শিশু পার্ক সরানোর দাবিতে মানববন্ধন করেছে নাগরিক উদ্যোগ নামে একটি সংগঠন।
মঙ্গলবার সকালে শিশু পার্কটির গেইটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চের আলোচনা বন্ধ করার জন্য শিশু পার্ক নামক এই জঞ্জাল বানিয়েছিল বিএনপি। এই জঞ্জাল সরিয়ে ফেলুন। অপ্রয়োজনীয় এই আত্মঘাতী চুক্তি বাতিল করা এখন সময়ের দাবি।
নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মো. হোসেন বলেন, সম্পªতি চুক্তির ২৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর পরিবেশবাদীসহ চট্টগ্রামের নাগরিকরা সবাই আবেদন করেছিলেন এই চুক্তি যেন আর বাড়ানো না হয়। কিন্তু কারও মতামতের তোয়াক্কা না করে আবারও মেয়াদ বাড়ানো হয়েছে। আগে শিশু পার্ক ঘিরে লোহার গ্রিল ছিল। এখন দেওয়া হয়েছে অন্ধকারাচ্ছন্ন সীমানা প্রাচীর। এজন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ স্থাপত্য পুরাতন সার্কিট হাউস বাইরে থেকে আর দেখার সুযোগ নেই।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনীতিবিদ সাইদুর চৌধুরী, শফিউল আজম বাহার, আবুল হাসনাত বেলাল, নাজিম উদ্দিন, হাজী শের আলী সওদাগর, আবদুর রহমান মিয়া, শেখ মামুনুর রশীদ, মো. সেলিম, সমির মহাজন লিটন, হাসান মো. মুরাদ, মো. শাহজাহান, জাইদুল ইসলাম দুর্লভ, হাসান মুরাদ প্রমুখ।
