বুধবার থেকে দোহায় সপ্তাহে তিন ফ্লাইট ইউএস-বাংলার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৬ পিএম

করোনায় আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় ৩১ আগস্ট থেকে ঢাকা-দোহা-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় ইউএস-বাংলা এয়ারলাইনস। তবে যাত্রীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, ইউএস-বাংলা কভিড-১৯ নির্দেশিত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে দোহাসহ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে।

বর্তমানে সোম, বুধ ও শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট এবং স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় দোহায় অবতরণ করছে। অপর দিকে কাতারের স্থানীয় সময় সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করছে এবং পরবর্তী দিন যথাক্রমে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সকাল সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।

খুব শিগগিরই করোনা পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে ইউএস-বাংলা এয়ারলাইনস অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে।

বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত