নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আতাউর রহমান সরকার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতার এলাকার গাউছিয়া মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান সরকার নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাহালীনগর এলাকার লাল মিয়ার ছেলে।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফ্র হোসেন দেশ রূপান্তরকে জানান, নিহত আতাউর রহমান ভুলতা এলাকার নাহাটি এলাকার কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি রাজধানীর যাত্রাবাড়ি থেকে পিকআপ ভ্যানে করে কাঁচামাল এনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভুলতার এলাকার গাউছিয়া মার্কেটের সামনে রাখেন। এখান থেকে আতাউর রহমান তার দোকানে নেওয়ার জন্য কাঁচামাল রিকশায় ওঠাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানে আতাউর রহমানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। এ সময় কাভার্ড চালক রুবেল ও ঘাতক ভ্যানটিকে পুলিশ জব্দ করেছে বলেও জানান তিনি ।
