ফের আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৮ এএম

আবারো আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে পারে দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এমনকি সরকারের নির্দেশে দেশটির অলিম্পিক সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। যা আইসিসির নিয়ম বিরুদ্ধ।

আইসিসির নিয়ম অনুযায়ী যেকোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ অবৈধ। এমনটা ঘটলে সংশ্লিষ্ট দেশকে নিষিদ্ধ হতে হবে, এটাই আইসিসির নিয়ম।

এর আগে বর্ণবাদের কারণে প্রায় ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা। তবে কি আবারও নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে দেশটি? ক্রিকেট ভক্তদের মাঝে এখন এই শঙ্কা।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের প্রতিবেদনে বলেছে, দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার সরকার দেশের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। দক্ষিণ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি ক্রিকেট সংস্থার শীর্ষ কর্তাদের পদত্যাগের নির্দেশ দিয়েছে বলেও খবর।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্তাদের বিরুদ্ধে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তাদের। এখন দেশটির খেলাধুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের তদন্ত চালানোর জন্য শীঘ্রই কমিটি গঠন করতে যাচ্ছে বলে খবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত