কলমাকান্দায় ট্রলার ডুবিতে মৃত্যু বেড়ে ১২

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪০ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় গুমাই নদীতে বালুবাহী বাল্কহেড ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে আরো এক শিশুসহ দু'জনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে।

শুক্রবার দুপুর ১২টা দিকে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হলদি বিলে রতন মিয়া (৩৫) নামে এক যুবক ও দুপুর ২টার দিকে একই বিল থেকে মনিরা আক্তার নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। 

মৃত রতন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগরের ইনাতপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও শিশু মনিরা একই এলাকার আব্দুল ওয়াহাবের মেয়ে।

মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রতন মিয়া ও মনিরা আক্তার নামে দু'জনের ভাসমান লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে শুক্রবার সকালে নিখোঁজদের উদ্ধার অভিযান নেত্রকোনা জেলা প্রশাসকের নির্দেশে সমাপ্তি ঘোষণা করার তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

ট্রলারডুবির ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আব্দুল ওয়াবের স্ত্রী ও এক ছেলে এবং এক কন্যা শিশু মনিরা নিখোঁজ থাকায় তিনি মামলার বাদী হন। ঘটনার পর থেকে যাত্রীবাহী ট্রলারের চালক সোহাগ পলাতক। 

বৃহস্পতিবার বিকেল ৪টায় বাল্কহেডের চালকসহ পাঁচজনকে নেত্রকোনা আদালতে প্রেরণ করেন পুুলিশ। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। 

কলমাকান্দা থানার ওসি মো. মাজাহারুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

৯ সেপ্টেম্বর সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় পাঁচ শিশু ও পাঁচ নারীসহ ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারে এক শিশু নিখোঁজসহ তিনজন ও আরেক পরিবারের দুই শিশু ও মাসহ তিনজন নিহত হন। ঘটনার দিন এ ঘটনায় বাল্কহেড ও যাত্রীবাহী ট্রলার জব্দ ও বাল্কহেডের মাঝিসহ পাঁচজন আটক করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত