সিএনজিচালিত অটোরিকশা থেকে এক যাত্রীর টাকা খোয়া যাওয়ার ঘটনায় চালককে পুলিশের নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল শুক্রবার সড়ক অবরোধ করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় উপজেলা শহরের চৌমুহনী সড়কটি অবরোধ করলে পৌরসভার মেয়র জুয়েল আহমেদের সহযোগিতায় পুলিশ চালককে ছেড়ে দিলে দুপুর দেড়টায় অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধকারী সিএনজিচালিত অটোরিকশার চালকদের ভাষ্যমতে, একটি ব্যাংক থেকে গত বৃহস্পতিবার বিকেলে ৫ লাখ টাকা তুলে কমলগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে আদমপুর বাজারে ফিরছিলেন যাত্রী অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য নুরুল ইসলাম। এ সময় অটোরিকশায় আরও চার যাত্রী ছিলেন। কিন্তু অটোরিকশা থেকে নামার সময় টাকার ব্যাগটি নিতে ভুলে যান নুরুল। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অটোরিকশাটির চালক সাহেল মিয়াকে রাতেই বাড়ি থেকে আটক করে। পরে তাকে রাতভর ব্যাপক শারীরিক নির্যাতনের পর গতকাল সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে আবার থানায় নিয়ে যায় পুলিশ।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা বলেন, গণধোলাইয়ে অটোরিকশাচালক সাহেল আহত হয়েছেন বলে পুলিশ সদস্যরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করান।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, তার শরীরে আগের আঘাত থাকায় চিকিৎসা করানো হয়। তবে টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।
